ডেক্স রিপোর্ট :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপদেষ্টা ফটোসাংবাদিকদের পেশাদারিত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন।
প্রদর্শনীর উদ্বোধনী বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, “আজকের প্রদর্শনী আগামী দিনের স্মৃতি। ফটোসাংবাদিকরা দেশ ও জাতির গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে ধরে রাখেন, যা ইতিহাসের অমূল্য সম্পদ।” তিনি আরও বলেন, “যুদ্ধ, বিপর্যয়, আনন্দ কিংবা উৎসব—সবক্ষেত্রেই ফটোসাংবাদিকদের সাহসিক ভূমিকা প্রশংসনীয়। তাদের তোলা ছবি সমাজ, সংস্কৃতি ও প্রকৃতির দর্পণ হিসেবে কাজ করে।”
তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৯০-এর গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে বলেন, “বাংলার রূপ কখনও সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতিচ্ছবি। ইতিহাসের প্রতিটি টার্নিং পয়েন্টে আমরা ফটোসাংবাদিকদের মাধ্যমে সেই রূপের সাক্ষী হই।”
গ্রামবাংলার রূপ, ঐতিহ্য ও প্রকৃতিকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে ফটোসাংবাদিকদের অবদান তুলে ধরে তিনি বলেন, “এই প্রদর্শনী আগামী প্রজন্মের জন্য একটি মূল্যবান দলিল হয়ে থাকবে। আমি আশা করি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সমকালীন আলোকচিত্রের বিকাশ ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, সহ-সভাপতি মশিউর রহমান সুমন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকচিত্র প্রদর্শনীটি দেশের নানা প্রান্তের জীবনের রূপ, সমাজ বাস্তবতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরেছে, যা দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
Leave a Reply