ডেক্স নিউজ :
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরার পদত্যাগ চাওয়ায় আলোচিত বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীনকে জাতীয় দল কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। যদিও চিঠিতে অব্যাহতির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে জানা গেছে, বিষয়টি কোচ কাবরেরা নিয়ে শাহীনের অবস্থানের সঙ্গেই সম্পৃক্ত।
জাতীয় দল কমিটি বাফুফের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী কমিটিতে নয়জন সদস্য থাকার কথা থাকলেও সভাপতি তাবিথ আউয়াল তা বাড়িয়ে ১২ জনে উন্নীত করেছিলেন। শাহীনকে বাদ দেওয়ার পর কমিটির সদস্য সংখ্যা এখন ১১ জন। কমিটি থেকে অব্যাহতি পেলেও তিনি বাফুফের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফুটবলের উন্নয়নে তিনি যুক্ত থাকলেও জাতীয় দল সংক্রান্ত কোনো সিদ্ধান্তে আর তার ভূমিকা থাকবে না।
গত ১৪ জুন বাফুফের এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যেই কোচ কাবরেরার পদত্যাগের দাবি তুলেছিলেন শাহীন। এতে বিব্রত হয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। পাশাপাশি, তার বিরুদ্ধে কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগও ওঠে।
প্রায় সাড়ে তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্বে থাকা কাবরেরার উল্লেখযোগ্য সাফল্য বলতে কেবল ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। খেলোয়াড় নির্বাচন, বদলি সিদ্ধান্তসহ নানা বিষয়ে সমালোচিত হয়েছেন তিনি। ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে জয় না পাওয়া এবং হংকং ম্যাচের আগে দলের বাজে পারফরম্যান্সে কোচের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন ফুটবলসংশ্লিষ্ট অনেকে।
সেই প্রেক্ষাপটেই শাহীনের সরব অবস্থান ও কোচ নিয়ে সমালোচনা শেষ পর্যন্ত তাকে জাতীয় দল কমিটি থেকে সরানোর সিদ্ধান্তে গড়ায় বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply