ডেক্স নিউজ :
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে একটি নির্বাচিত সরকারের বিকল্প নেই। অনির্বাচিত সরকারের হাতে সেই শক্তি বা বৈধতা নেই। শুক্রবার যশোর শহরের পৃথক দুটি নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
যশোর নগর মহিলা দলের চার ও আট নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে পালবাড়ি মোড় এবং বেজাপাড়া আজিমাবাদ কলোনিতে আয়োজিত সমাবেশে নার্গিস বেগম বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করেছে। আজ তারা মায়া কান্না করছে। এই পরাজিত অপশক্তিকে যে কোনো মূল্যে নিশ্চিহ্ন করতে হবে।”
তিনি আরও বলেন, “বহু রক্তস্নাত পথ পেরিয়ে আমরা আজ এই অবস্থানে এসেছি। আওয়ামী লীগের প্রতি কোনো দুর্বলতা দেখানোর সুযোগ নেই। এরা গর্তের মধ্যে লুকিয়ে থেকে আবারও দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।”
নার্গিস বেগম আশ্বাস দিয়ে বলেন, “যে রাষ্ট্র ব্যবস্থায় নারীরা নিরাপদ থাকবে, বিএনপি সেই রাষ্ট্র গড়তে চায়। সকল নাগরিকের জন্য বাসযোগ্য গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।”
পৃথক দুটি সমাবেশের প্রধান বক্তা বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “ভোটের অধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি। নতুন সূর্যোদয় দেখতে হলে জনগণের ভোটের অধিকার ছিনিয়ে আনতে হবে।”
সমাবেশে আরও বক্তৃতা করেন বিএনপির যশোর জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, বিএনপি নেতা আলী হোসেন মদনসহ অনেকে।
চার নম্বর ওয়ার্ডের সমাবেশে সভাপতিত্ব করেন ডা. নাবিলা রহমান এবং সঞ্চালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না। আট নম্বর ওয়ার্ডের সমাবেশে সভাপতিত্ব করেন হাসু বেগম এবং সঞ্চালনা করেন ফারাহ ইয়াসমিন।
দুই সমাবেশে স্থানীয় নারী নেত্রীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply