অনলাইন ডেক্স :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত তিনটি নির্বাচনকে ‘বৈধ’ বলে আখ্যায়িত করা বিদেশি পর্যবেক্ষকদের আর আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে কানাডার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, “আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আগ্রহ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি সংস্থা আমাদেরকে চিঠি দিয়ে তা জানিয়েছে। তবে পূর্বের নির্বাচনগুলো নিয়ে যারা ইতিবাচক মন্তব্য করেছেন, তাদের এবার পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হবে না।”
তিনি জানান, বৈঠকে কানাডার রাষ্ট্রদূত নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে গৃহীত উদ্যোগ, প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
কানাডার নির্বাচনী আগ্রহের বিষয়ে নাসির উদ্দিন বলেন, “তারা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধ নিয়েও আমরা আলোচনা করেছি। কানাডা এ বিষয়ে আমাদের সহযোগিতা ও পরামর্শ দিতে আগ্রহ প্রকাশ করেছে।”
সিইসি আরও বলেন, নির্বাচনী ব্যালট প্রকল্পসহ অন্যান্য উপায়েও কানাডা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সহযোগিতা করতে চায়। বর্তমান নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি ও পরিকল্পনায় কানাডা সন্তুষ্ট বলেও মন্তব্য করেন তিনি।
Leave a Reply