অনলাইন ডেক্স :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে তিনি আশ্বস্ত করেছেন, ভোটের অন্তত দুই মাস আগে তারিখসহ প্রয়োজনীয় সব তথ্য প্রকাশ করা হবে।
সোমবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘রিপোর্টার্স ফোরাম ফর ডেমোক্রেসি (আরএফডি)’ আয়োজিত ফল উৎসব ও সাংবাদিক অ্যাক্সেস কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিইসি। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, “ভোটের দিন, মনোনয়ন জমা ও যাচাই-বাছাইয়ের সময়সূচি আগেভাগে জানিয়ে দেওয়া হবে। দয়া করে ধৈর্য ধরুন, সঠিক সময়েই সবকিছু প্রকাশ করা হবে।”
২০১৮ সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, “সে সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল। এবারের নির্বাচন সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। আমরা চাই—১৯৯১, ১৯৯৬ কিংবা ২০০১ সালের মতো একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক।”
তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, “জনগণের আস্থা ফেরাতে আন্তরিকতা জরুরি। প্রমাণ করুন—আমরাও পারি।”
ভোটাধিকারের বিষয়ে সিইসি বলেন, “মানুষ গত ১৫ বছর ধরে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। এখন সময় এসেছে সেই অধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার।”
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, “সংবাদ পরিবেশনে সতর্কতা প্রয়োজন। রিপোর্ট পজিটিভ হলেও হেডলাইন বা স্ক্রলে নেতিবাচক বার্তা থাকলে জনগণ বিভ্রান্ত হয়। তাই শিরোনামে দায়িত্বশীলতা জরুরি।”
তিনি গণমাধ্যমের ভূমিকাও প্রশংসা করে বলেন, “আমাদের কার্যক্রম দেশ-বিদেশে পৌঁছে যাচ্ছে আপনাদের মাধ্যমেই। আজ কানাডার হাইকমিশনারের সঙ্গেও কথা হয়েছে—তিনি ভোটার তালিকা, ক্যামেরা, ইউএনডিপির সহযোগিতা, ল্যাপটপসহ নানা বিষয়ে জানতেন। এ সবই সম্ভব হয়েছে সংবাদমাধ্যমের মাধ্যমে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফডির সভাপতি কাজী এমাদ উদ্দীন (জেবেল) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
Leave a Reply