বেনাপোল সংবাদদাতা :
প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ থেকে ভারতের জন্য উপহারের আম পাঠানো হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ৮০ কার্টুনে প্রায় ৪০০ কেজি আম নিয়ে একটি ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, আমবাহী ট্রাকটি বেনাপোল বন্দরে পৌঁছানোর পর দ্রুত সময়ের মধ্যে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতে পাঠানো হয়।
জানা গেছে, শূন্যরেখায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপহারের আম গ্রহণ করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের একজন কর্মকর্তা। পরে এই আম নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কাগজপত্রে আমের আমদানিকারক হিসেবে উল্লেখ করা হয়েছে “ডেপুটি হাইকমিশন, দি পিপল অব ইন্ডিয়া” এবং রপ্তানিকারক হিসেবে রয়েছে “মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, ঢাকা”।
উপহারের এই আম ভারতে পাঠানোর পুরো প্রক্রিয়ার কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সিঅ্যান্ডএফ এজেন্ট রবি ইন্টারন্যাশনাল।
আম হস্তান্তরের সময় বেনাপোল বন্দর কার্গো টার্মিনালে কাস্টমস ও বন্দর কর্মকর্তারা উপস্থিত থাকলেও, প্রায় এক ঘণ্টার জন্য গণমাধ্যমকর্মীদের বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এ কারণে দুপুরে সরাসরি তথ্য সংগ্রহে কিছুটা বাধা সৃষ্টি হয়। তবে পরে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের রেজিস্টার থেকে বিষয়টির তথ্য ও ছবি পাওয়া যায়।
এই আম উপহার কূটনৈতিক সৌজন্য এবং দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply