যশোর সংবাদদাতা :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভুয়া ডাক্তারকে শনাক্ত ও আটক করে প্রশংসিত হয়েছেন কনস্টেবল সোহেল রানা। তার এই সাহসী ও নাগরিকবান্ধব ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশ সুপার রওনক জাহান তাকে সম্মাননা প্রদান করেছেন।
বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় যশোর জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সোহেল রানার হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। এ সময় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কনস্টেবল সোহেল রানা ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি যশোরে পুলিশে যোগ দেন। চাকরিতে যোগদানের পর থেকেই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডিউটির দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পালনের সময় তিনি হাসপাতালের পরিবেশ নিয়ন্ত্রণ, দালাল ও বহিরাগতদের দমন এবং রোগীদের নিরাপত্তায় কার্যকর ভূমিকা রাখেন।
দীর্ঘদিন ধরে হাসপাতালের ভেতরে এক ভুয়া ডাক্তার প্রতারণার মাধ্যমে রোগীদের চিকিৎসা দিয়ে আসছে—এমন অভিযোগ পেয়ে সোহেল রানা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেন। যদিও প্রকৃত ডাক্তার, ইন্টার্ন চিকিৎসক, বেসরকারি চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ভিড়ে প্রতারককে চিহ্নিত করা ছিল কঠিন কাজ। তবু টানা চার মাসেরও বেশি সময় অনুসন্ধান চালিয়ে অবশেষে শিশু ওয়ার্ড থেকে ওই ভুয়া চিকিৎসককে আটক করতে সক্ষম হন তিনি।
এই ঘটনার খবর স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসে। তারই প্রেক্ষিতে সোহেল রানাকে ‘ইতিবাচক নাগরিকবান্ধব দক্ষতা পুরস্কার’ প্রদান করা হয়।
জেলা পুলিশ মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) নুর-ই-আলম সিদ্দিকীসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সোহেল রানার এই উদ্যোগ পুলিশ বাহিনীর মানবিক ও জনবান্ধব ভূমিকার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সহকর্মীরা।
Leave a Reply