কল্যান রায় (জয়ন্ত) :
ইংরেজি ভাষা শিক্ষা ও চর্চার ক্ষেত্রে নতুন এক দিগন্তের সূচনা করলো যশোরের জনপ্রিয় প্রতিষ্ঠান ‘আইডিয়া স্পোকেন দ্য গেইম মেথড’। শুক্রবার (১২ জুলাই) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বর্ণাঢ্য উদ্বোধনী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘আইডিয়া ডিবেটিং সোসাইটি’।
উদ্বোধনী আয়োজনে যশোরের সাতটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইংরেজি শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী থেকে শুরু করে যেকোনো বয়সের আগ্রহীরা ইংরেজি বিতর্ক, সঠিক উচ্চারণ, শব্দ চয়ন ও উপস্থাপন কৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ লাভের সুযোগ পাবেন।
একই আয়োজনে ‘আইডিয়া স্পোকেন দ্য গেইম মেথড’-এর ২৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামও অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হামিদুল হক। তিনি বলেন, “বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিভীতি তৈরি হয়েছে, যা তাদের ব্যর্থতা নয়—শিক্ষাদানের পদ্ধতির সীমাবদ্ধতা। আমরা এক যুগ ধরে গেইম মেথডে ইংরেজি শেখাচ্ছি এবং মাত্র তিন মাসের মধ্যেই শিক্ষার্থীরা আত্মবিশ্বাস অর্জন করছে। বিতর্ক একটি শিল্প, যা অনুশীলনের মাধ্যমেই দক্ষতায় পরিণত হয়। এজন্যই ‘আইডিয়া ডিবেটিং সোসাইটি’ চালু করেছি, যাতে অফলাইন ও অনলাইনে দেশ-বিদেশের আগ্রহীরা যুক্ত হতে পারেন।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘আইডিয়া স্পোকেন’-এর কো-অর্ডিনেটর নাবিলা সুলতানা। শুরুতে অতিথিদের ইংরেজি ভাষায় স্বাগত জানান শিক্ষার্থী তাসফিয়া হক ঐশ্বর্য্য। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শো-ডিবেট এবং একটি ইন্টার্যাকটিভ ইংরেজি গেইম অনুষ্ঠিত হয়, যা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দীন,যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ শহীলুদ্দীন, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহফুজা নাসরিন, কালেক্টরেট স্কুল যশোরের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেন, এমএসটিপি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক খায়রুল আনাম, নবকিশলয় স্কুল যশোরের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ইংরেজি শিক্ষকরা।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী স্কুলগুলোর প্রধান শিক্ষকদের ‘আইডিয়া স্পোকেন’-এর স্কুল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পদক বিতরণ করা হয়।
নাবিলা সুলতানা বলেন, “আমরা ‘আইডিয়া ডিবেটিং সোসাইটি’ নিয়ে আশাতীত সাড়া পাচ্ছি। এবার ইংরেজি বিতর্ককে কেন্দ্র করে আরও বড় পরিসরে এগিয়ে যেতে চাই।”
এই আয়োজন ইংরেজি ভাষা শিক্ষার প্রচলিত ধারা থেকে বেরিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply