বাগেরহাট সংবাদদাতা :
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা চায় না বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক, তারাই নির্বাচন নিয়ে আপত্তিকর মন্তব্য করে এবং সংস্কারের নামে নির্বাচনকে অনিশ্চিত করতে চায়। বিএনপির ৩১ দফার চেয়ে বড় কোনো সংস্কার প্রস্তাব নেই, এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই।”
শুক্রবার (১১ জুলাই) দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে অমিত বলেন, “আপনাদের দায়িত্ব হলো জনগণের দোড়গোড়ায় পৌঁছানো—যুবকদের কর্মসংস্থানের বার্তা দেওয়া, কৃষকদের কাছে সার-বীজ পৌঁছে দেওয়া এবং ৩১ দফার সুফল জনগণের কাছে তুলে ধরা। শিক্ষার্থী ও অভিভাবকদের বোঝাতে হবে, কিভাবে শিক্ষাঙ্গনকে অস্ত্র ও মাদকমুক্ত করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করব। আমরা যদি আমাদের লক্ষ্য ও পরিকল্পনা জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে পারি, তাহলে জনগণ আমাদের ওপর আস্থা রাখবেই।”
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম, মনিরুল ইসলাম খান, ব্যারিস্টার জাকির হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজন শেষে বিকেলে উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচনে সরাসরি ভোটগ্রহণ শুরু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টায় ভোট বাছাই চলছিল।
Leave a Reply