অনলাইন ডেক্স :
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে রয়েছেন—গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল মোল্লা (৪১) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার (২৪)।
বুধবার (১৬ জুলাই) বিকেলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস জানান, বিকেলে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং একজন আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইমন তালুকদারের মৃত্যুর খবর নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আবদুল্লাহ আল মামুন।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, সংঘর্ষে আহত অন্তত ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৬ জুলাই) বিকেলে গোপালগঞ্জ জেলা শহরে এনসিপির সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে ফেরার সময় সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এনসিপি নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালানো হয়। এতে পুলিশ বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এনসিপি নেতাকর্মীদের গাড়িবহর নিরাপদে সরিয়ে নিতে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটে।
প্রসঙ্গত, ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে সমাবেশ ও পদযাত্রা করছিল দলটি।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
Leave a Reply