অনলাইন ডেক্স :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে চালানো ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনে অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধও রয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।
শুক্রবার (৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলুর বরাতে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজার বিভিন্ন স্থানে তীব্র হামলা চালানো হয়। চিকিৎসা সূত্র জানিয়েছে, এসব হামলায় বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
গাজার উত্তর-পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলায় তিনজন নিহত হন। উত্তর গাজার শেখ রিদওয়ান এলাকায় এক বৃদ্ধ ও দুই নারী প্রাণ হারান। পূর্ব গাজার আল-তুফাহ এলাকায় ড্রোন হামলায় আশ্রয় নেওয়া একটি পরিবারের পিতা, মাতা ও চার শিশু নিহত হয়; একই এলাকায় আরও এক নারী মারা যান।
মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে অ্যাপার্টমেন্টে হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে গোলাবর্ষণে পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি আগুন ধরে যায়। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ড্রোন হামলায় এক নারী ও তার শিশু প্রাণ হারান। পূর্বাঞ্চল বানি সুহেইলায় আরও তিনজন বেসামরিক নাগরিক নিহত হন।
রাফাহ শহরে ত্রাণের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
গাজায় চলমান ধ্বংসযজ্ঞ, অবরোধ ও দুর্ভিক্ষের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও চলছে।
Leave a Reply