অনলাইন ডেক্স :
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘বিশ্বের অন্যতম বড় মাদক চোরাকারবারি’ আখ্যা দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার পুরস্কার দ্বিগুণ করে ৫ কোটি ডলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর আগে পুরস্কারের পরিমাণ ছিল আড়াই কোটি ডলার। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক ভিডিও বার্তায় জানান, মাদুরো সরাসরি আন্তর্জাতিক মাদক চোরাচালানে জড়িত। ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)-এর তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, মাদুরো ‘ট্রেন দে আরাগুয়া’ নামের কুখ্যাত অপরাধী চক্র এবং মেক্সিকোভিত্তিক সিনালোয়া কার্টেলের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। এখন পর্যন্ত মাদুরো ও তার সহযোগীদের সম্পৃক্ততায় ৩০ টন কোকেন জব্দ হয়েছে, যার অন্তত ৭ টন সরাসরি তার সাথে যুক্ত।
অভিযোগগুলো মাদুরো ও ভেনেজুয়েলা সরকার অস্বীকার করেছে এবং এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। অ্যাটর্নি জেনারেল বন্ডি পুরস্কারের দ্বিগুণ করার প্রভাব ও বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত জানাননি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই মাদুরোর কঠোর সমালোচক ছিলেন। ২০২৪ সালের জানুয়ারির বিতর্কিত নির্বাচনে মাদুরো পুনরায় ক্ষমতায় আসেন, যা আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হয়। ট্রাম্প প্রশাসনের সময় থেকেই মাদুরো ও তার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস এবং দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার সাবেক সামরিক গোয়েন্দা প্রধান উগো কারবাহানকে মাদ্রিদ থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। তিনি একাধিক মাদক মামলায় দোষ স্বীকার করে মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
২০১৩ সালে উগো চাভেজের মৃত্যুর পর প্রেসিডেন্ট পদে বসেন মাদুরো। তার শাসনামলে বিরোধী দল দমন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। চলতি বছরের শুরুতে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন তার সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
Leave a Reply