অনলাইন ডেক্স :
“সাংবাদিকতা এক মহান পেশা। যারা লাভজনক পেশা ছেড়ে সাংবাদিকতাকে বেছে নিয়েছেন, তারা অর্থের চেয়ে ন্যায় ও সত্যকে প্রাধান্য দিয়েছেন।” ফ্রান্স দর্পণের “১০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫” অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন বিশিষ্ট লেখক, সংবিধান বিশেষজ্ঞ ও লন্ডনের নিউহ্যাম বারার সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ।
৯ আগস্ট রবিবার, প্যারিসের এক অভিজাত হলে আয়োজিত এই অনুষ্ঠানে ফ্রান্স দর্পণের নির্বাহী সম্পাদক সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী ও ইশারাত মেঘলার যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও বাংলাদেশ-ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন সম্পাদক সামছুল ইসলাম।
প্রধান অতিথি ব্যারিস্টার নাজির আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদান ছিল অনস্বীকার্য। রেমিট্যান্স পাঠিয়ে তারা দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। তবুও সাম্প্রতিক জুলাই ঘোষণায় প্রবাসীদের অবদান উপেক্ষা করা হতাশাজনক। তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা দাবি করেন এবং দেড় কোটি প্রবাসীকে এই ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিবিসি ওয়ার্ল্ড বাংলা সার্ভিসের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমেদ প্রমুখ। স্কটিশ পার্লামেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত এসএমপি ফয়সল চৌধুরী ভিডিও বার্তায় অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
দশকপূর্তি উপলক্ষে প্রবাসী সমাজে বিশেষ অবদান রাখা গুণীজনদের হাতে ‘কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫’ তুলে দেন অতিথিরা। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন, ইসলামী ও নৈতিকতা শিক্ষা শাঈখ বদরুল বিন হারুন, বর্ষসেরা সামাজিক সংগঠন বিসিএফ, নারী অধিকার কর্মী সৈয়দা তাওফিকা সাহেদ, ব্যবসায়ী উদ্যোক্তা ফেরদৌস রহমান ও ক্রীড়াবিদ নাজিবুল্লাহ পিয়াস।
এছাড়াও শিক্ষাবিদ হাসনাত জাহান, কমিউনিটি প্রবীণ মোজ্জামেল হক, প্রকাশক মিয়া মাসুদ, এমডি নূর, রাজনীতিবিদ মিল্টন সরকার, ফারুক আহমেদ, মামুন মিয়া, শাহিন আরমান চৌধুরী, নাজমুল কবির, সোনিয়া জামানসহ ইউরোপের বিভিন্ন শহর থেকে সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত শিল্পী প্রিয়ন্তি ও মৌসুমি চক্রবর্তীর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সম্পাদক সামছুল ইসলাম বলেন, “ফ্রান্স দর্পণ সবসময় প্রবাসীদের সাফল্য ও ইতিবাচক সংবাদ তুলে ধরেছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
Leave a Reply