যশোর সংবাদদাতা :
দেশের অন্যতম বিশিষ্ট কনস্ট্রাকশন ব্যবসায়ী, যশোরের হোটেল হাসান ইন্টারন্যাশনালের কর্ণধার ও সমাজসেবক হাসান আলী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (১০ আগষ্ট) সকাল ৬টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৬ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
হাসান আলী শুধু সফল ব্যবসায়ীই নন, তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। যশোরের মানুষ তাঁকে একজন দানশীল সমাজসেবক হিসেবে মনে রাখবে।
দুপুরে মরদেহ যশোর শহরের পোস্ট অফিসপাড়ার বাসভবনে আনা হলে শতশত মানুষ তাঁকে শেষবারের মতো দেখতে ভিড় করেন। বিকেলে ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম, মাওলানা নাসিরুল্লাহ বক্তব্য রাখেন এবং হাসান আলীর বড় ছেলে মোস্তাফিজুর রহমান সেলিম সবার কাছে দোয়া প্রার্থনা করেন। জানাজায় ইমামতি করেন তাঁর নাতি রাফিদ হাসান।
জানাজায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মিজানুর রহমান খানসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
পরে কারবালা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। শোকের এই মুহূর্তে যশোরবাসী শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানায় প্রিয় এই ব্যক্তিত্বকে।
Leave a Reply