যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী গ্রামে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে বাড়ীয়ালী যুব পাঠাগার মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সিমিট বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচির সূচনা হয়। এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুশাব্বির হোসাইন। অতিরিক্ত কৃষি অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ মোশাররফ হোসেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের জাকারিয়া হাসান, সিমিট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী এ জে এম উবাইদুল্লাহসহ ইমদাদুল হক, শামিম খান, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, মেহেরুন নেছা, হারুন অর রশিদ, জুবায়ের হোসেন ও উবাইদুল হুসাইন আল্ সামি।
বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, কৃষিযন্ত্রের কার্যকর ব্যবহার, তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগ কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি করছে।
আলোচনায় আরও বলা হয়, পার্টনার ফিল্ড স্কুল প্রশিক্ষণের মাধ্যমে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্যের টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি সমৃদ্ধ ফল ও সবজি খামার গড়ে তোলায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply