কল্যান রায় (জয়ন্ত) :
যশোর জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সপ্তাহটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। উদ্বোধনী পর্ব শেষে জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত রঙিন বেলুন, ফেস্টুন ও ব্যানারে সজ্জিত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা সরকার মুহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, হ্যাচারী মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান গোলদারসহ বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, মৎস্য সেক্টর সঠিকভাবে পরিচালিত হলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক থাকবে। তিনি উল্লেখ করেন, যশোরের অনেক সমস্যা ঘের ও বিল বাওড়কে কেন্দ্র করে তৈরি হয়। তাই অপরাধীরা যাতে এসব স্থানে আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে মৎস্য চাষীদের সজাগ থাকতে হবে। তিনি মৎস্য চাষের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং বিশেষভাবে যশোরে একটি আধুনিক ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানান। এছাড়া চায়না জাল ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “বাংলাদেশে ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ২০২৪ সালের পরিবর্তনের আলোকে মৎস্য সেক্টরেও পরিবর্তন আনতে হবে, নইলে এই খাতকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।”
দেশীয় মাছ রক্ষা ও অভয়ারণ্য গড়ে তোলায় সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক। পরে মৎস্যখাতে অবদান রাখা হ্যাচারী মালিক ও মৎস্য চাষীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে যশোর জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা এবং অতিথিরা যশোর পৌর পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
Leave a Reply