যশোর সংবাদদাতা :
যশোরে পাঁচটি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) সকালে কোতোয়ালী থানার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি টহলদল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো—রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) এবং শরিয়াতপুরের নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)। তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮৩১ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, ঢাকার যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে তারা যশোর হয়ে নাভারন ও কাজীরহাট সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল।
জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৭২ টাকা। মোবাইল ফোন ও নগদ টাকাসহ সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে এক কোটি ২২ লাখ ৮১ হাজার ৪০২ টাকা। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
Leave a Reply