নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলার ঘটনার কয়েক দিনের মধ্যেই কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথ বাহিনী অভিযান শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৬ আগস্ট) কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওই ক্যাম্পটি আমরা সদ্যই চালু করেছি। যারা এই হামলা চালিয়েছে তাদের ধরতে যৌথ বাহিনী গঠন করা হয়েছে। কয়েক দিনের ভেতরই আপনারা ভালো সংবাদ পাবেন। অভিযান চালিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।”
এর আগে সোমবার সন্ধ্যায় গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানের সময় অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরে পুলিশের ওপর গুলি চালায়।
পুলিশও পাল্টা গুলি ছোড়ে, এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। তবে ঘটনায় পুলিশের কেউ হতাহত হয়নি।
ওসি আনোয়ার আলম আজাদ আরও জানান, গত বছরের আগস্টে আশেপাশের কয়েকটি থানায় হামলা চালিয়ে যে অস্ত্র লুট করা হয়েছিল, সন্ত্রাসীরা এবার সেই অস্ত্রই ব্যবহার করেছে। তিনি বলেন, “এটি অত্যন্ত উদ্বেগজনক। আমরা নিশ্চিত হয়েছি লুট হওয়া অস্ত্র দিয়েই হামলা হয়েছে।”
ঘটনার পর স্থানীয়ভাবে আতঙ্ক দেখা দিলেও স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ জন্য যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করবে।
Leave a Reply