অনলাইন ডেক্স :
দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। আজ রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
তিনি জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩০ জন।
প্রথমে প্রকাশিত খসড়া তালিকায় ভোটার ছিল ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। পরবর্তীতে দাবি-আপত্তি ও যাচাই শেষে আরও ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন যুক্ত হওয়ায় ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জনে। এর আগে, গত ১০ আগস্ট প্রায় ৪৬ লাখ ভোটারের খসড়া তালিকা প্রকাশ করেছিল ইসি।
ইসি সচিব বলেন, এবার ভোটার তালিকা তিন ধাপে প্রকাশিত হচ্ছে। চলতি বছরের ২ মার্চ তালিকায় ছিল ১২ কোটি ৩৭ লাখের বেশি ভোটার। এরপর বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করে হালনাগাদ তালিকায় ৩১ আগস্ট পর্যন্ত নতুন ভোটার যুক্ত করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।
তিনি আরও জানান, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে চূড়ান্ত ভোটার সংখ্যা নির্ধারণ করে প্রকাশ করা হবে।
Leave a Reply