অনলাইন ডেক্স :
দুর্নীতিমুক্ত, জনগণমুখি ও দায়িত্বশীল সমাজ গঠনের অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের সম্পদ, নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা চুরি করতে দেওয়া হবে না; দেশের চাবি তুলে দেওয়া হবে সৎ ও যোগ্য মানুষের হাতে, যারা জনগণের স্বার্থ রক্ষা করবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ যদি সমাজ পরিবর্তনের দায়িত্ব জামায়াতের হাতে তুলে দেয়, তবে খেটে-খুটে দেশের সমস্যা সমাধানে দল কাজ করবে। দেশের বঞ্চিত মানুষদের অগ্রাধিকার দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসহ সব নাগরিক সেবায় সমান সুযোগ নিশ্চিত করা হবে। “তাদের অধিকার না দেওয়া পর্যন্ত আমরা কোনো সরকারি সুবিধা গ্রহণ করব না,” জানান তিনি।
তিনি আরও ঘোষণা দেন, ভবিষ্যতে জামায়াত থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকারি প্লট অল্প মূল্যে নেবেন না, বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবেন না এবং সরকারের দেওয়া সুবিধা গ্রহণের ক্ষেত্রেও সীমা বিবেচনা করবেন। অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, চারদলীয় জোট সরকারের সময়ে জামায়াতের দুই মন্ত্রী সৎ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন, কারণ তারা আল্লাহকে ভয় করতেন এবং জনগণের সম্পদ রক্ষা করাকে ঈমানী দায়িত্ব মনে করতেন।
দেশের সম্পদ রক্ষায় সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, “যারা দেশের সম্পদ লুট করেছে, তাদের হাতে দেশের চাবি দেওয়া যাবে না। জনগণের স্বার্থে সৎ চৌকিদারদের হাতে দায়িত্ব দিতে হবে।”
ডা. শফিকুর রহমান জনগণকে সাহসের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “আল্লাহ যতদিন হায়াত ও তৌফিক দেবেন, আমরা জনগণের আমানতের খেয়ানত করব না। আপনারা দোয়া করবেন, যাতে আমরা এই ওয়াদা পূরণ করতে পারি।”
তিনি চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের প্রতি আস্থার কথা জানিয়ে বলেন, দেশের সম্পদ ও সুযোগ-সুবিধা সৎ নেতৃত্বের মাধ্যমে সুরক্ষিত রাখতে হবে, যাতে জনগণের অধিকার নিশ্চিত হয়।
Leave a Reply