যশোরে উন্নত হৃদরোগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত জমি বরাদ্দ এবং সেবা কার্যক্রম চালুর দাবি উঠেছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে ‘যশোর হার্ট ফাউন্ডেশন স্থাপন প্রকল্প’ বিষয়ে এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমানে যশোরে হার্টের গুরুতর রোগীদের জন্য উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। খুলনায় যেতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে, অথচ হৃদরোগের জরুরি চিকিৎসায় নব্বই মিনিটের মধ্যে রিং স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যশোরে হার্ট ফাউন্ডেশন স্থাপিত হলে ক্যাথ ল্যাবসহ আধুনিক হৃদরোগ চিকিৎসার পথ উন্মুক্ত হবে।
সভায় জানানো হয়, দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এমএ রশীদের নেতৃত্বে যশোর হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম ইতিমধ্যে এমকে রোডের অস্থায়ী কার্যালয়ে শুরু হয়েছে। এবার অবকাঠামো নির্মাণের জন্য শহরতলীর মালঞ্চীতে সরকারি খাস জমি বরাদ্দের চেষ্টা চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছে।
জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. এমএ রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রুহুল আমিন, স্থানীয় সরকার উপ-পরিচালক রফিকুল হাসান, অবসরপ্রাপ্ত রেলওয়ে মহাপরিচালক মো. শামসুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ চিকিৎসক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা যশোরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে দ্রুত জমি বরাদ্দ এবং হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শুরুর জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।
Leave a Reply