বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা, সংবাদ সম্মেলনে রাজনৈতিক অবস্থান পরিষ্কার

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭.১৬ অপরাহ্ণ
  • ৭৬ বার

অনলাইন ডেক্স :

বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মুক্তিযোদ্ধা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম জানিয়েছেন, তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কোনো কাজ করছেন না। শনিবার গভীর রাতে টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কে তার নিজ বাসভবন ‘সোনার বাংলা’-এ হামলার পর রবিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন।

কাদের সিদ্দিকী বলেন, “প্রায় ২৬ বছর আগে আমি আওয়ামী লীগ ছেড়ে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের জনগণকে আমি ভালোবাসি ও সম্মান করি।”

হামলার ঘটনায় শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে তিনি বলেন, “যদি আমার বাসা ভেঙে দেশে শান্তি আসে, তবে আমি সেটারও সমর্থন করছি। আমি কোনো দলের নেতাকর্মীকে দোষারোপ করছি না। তবে এ ঘটনায় মামলা করা হবে।”

সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। বিকেলে কাদের সিদ্দিকী বাসাইল উপজেলায় পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন বলেও জানান।

এর আগে শনিবার রাত ১টার দিকে ১০-১৫ জন সন্ত্রাসী ‘সোনার বাংলা’ বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে, গেইট টপকে ভেতরে প্রবেশ করে গাড়ি ও বাসার জানালার গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়।

এদিকে বাসাইলে একই স্থানে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম শনিবার রাতে এ আদেশ জারি করেন। রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

টাঙ্গাইল থানার ওসি তানবীর আহাম্মেদ জানান, বাসভবনে হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com