অনলাইন ডেক্স :
রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো এ তথ্য নিশ্চিত করেন। ২০২২ সালে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো মন্ত্রিসভা ভবন হামলার শিকার হলো বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, শনিবার রাতের হামলায় রাশিয়া ৮০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫৬টি ড্রোন কিয়েভসহ ৩৭টি ভিন্ন স্থানে আঘাত হানে।
প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো জানান, হামলায় মন্ত্রিসভা ভবনের ছাদ ও উপরের তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “শত্রু প্রতিদিন আমাদের জনগণের ওপর ভয় সৃষ্টি করছে। আজ ভোরে ইন্ডিপেনডেন্স স্কয়ারের পেছনে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছি। এরপর বিস্ফোরণের শব্দ শুনেছি এবং দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে দ্রুতগতিতে ছুটে যেতে দেখেছি। তারপর আরও একটি বিস্ফোরণ ঘটে।”
যদিও কিয়েভে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে, রাশিয়ার এই হামলা বিশেষজ্ঞদের মতে কিয়েভের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এটি নতুন করে প্রমাণ করলো যে, ইউক্রেনের রাজধানী এখনও রাশিয়ার হামলার প্রধান লক্ষ্যবস্তুতে রয়েছে।
ইউক্রেনীয় প্রশাসন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে কাজ করছে, তবে সামরিক এবং নাগরিক উভয় স্থানে নিরাপত্তা চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি
Leave a Reply