বগুড়া সংবাদদাতা :
বগুড়ার সারিয়াকান্দিতে এক দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী ইসানুজ্জামান আফিফের পড়াশোনার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নিয়েছে সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেড। সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে সমিতির কার্যালয়ে আফিফের কলেজ ভর্তি, বই-খাতা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য নগদ অর্থ প্রদান করেন।
আফিফ ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র। কুপতলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করে সে কুপতলা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪-২৫ সেশনে এসএসসি পাস করে। কিন্তু তার পরিবার অভাব-অনটনের কারণে পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিল। আফিফের বাবা মোখলেছার রহমান একজন প্রতিবন্ধী। ছোট্ট একটি পানের দোকানের আয় এবং প্রতিবন্ধী ভাতা দিয়েই তিনি পরিবারের সংসার চালান।
সমিতির পক্ষ থেকে পড়ালেখার ব্যয়ভার নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফিফের বাবা-মা। মোখলেছার রহমান বলেন, “আমার ছেলে পড়াশোনায় খুব মনোযোগী। অর্থের অভাবে খুব দুশ্চিন্তায় ছিলাম। সমিতির এই সহযোগিতায় স্বস্তি পেয়েছি।”
বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শরিফুল ইসলাম হিরা বলেন, “অর্থের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী পড়ালেখা থেকে ঝরে পড়ে। আমরা চেষ্টা করবো তাদের পাশে দাঁড়াতে।”
সভাপতি সিরাজুল ইসলাম ফুল বলেন, “শুধু আফিফ নয়, সমিতির যেসব সদস্যের সন্তান অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের সহায়তায়ও এগিয়ে আসবে বণিক সমবায় সমিতি।”
আফিফের স্বপ্ন বড় হয়ে একজন ডাক্তার হওয়ার। সমিতির সহযোগিতায় তার স্বপ্নপূরণের পথে নতুন আশার আলো জ্বলেছে বলে জানিয়েছেন তার পরিবার।
Leave a Reply