নিজস্ব প্রতিবেদক :
যশোরের ভৈরব নদসহ জেলার সকল নদী দখলমুক্ত ও সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘ভৈরব নদ সংস্কার আন্দোলন’।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপদেষ্টা ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু।
সংবাদ সম্মেলনে নদী দখলদারদের উচ্ছেদ, নদীর সীমানার মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ, হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য এবং বাজারের আবর্জনা নদীতে ফেলা বন্ধ করা, পয়োনিষ্কাশনের সংযোগ নদী থেকে বিচ্ছিন্ন করা এবং আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এছাড়া নদীর উপর নির্মিত সংকীর্ণ সেতু অপসারণ করে বিআইডব্লিউটিএর অনুমোদিত ও নৌ-চলাচলের উপযোগী সেতু নির্মাণ, এলজিইডি কর্তৃক পুনর্নির্মাণাধীন সেতুগুলোর কাজ দ্রুত শেষ করা এবং অস্থায়ী সেতুগুলো মেরামতের মাধ্যমে চলাচলের উপযোগী করার দাবি জানানো হয়।
এছাড়াও নোয়াপাড়া নদীবন্দর সচল রাখতে উজানে দ্রুত নদী সংযোগ দেওয়া এবং কচুয়া ইউনিয়নে ভৈরবের ১১ কিলোমিটার অংশ দখলমুক্ত করে ইকোপার্ক ঘোষণা করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা তসলিম উর রহমান, নাজিম উদ্দিন, হাচিনুর রহমান, শওকত আলী খান, প্রকৌশলী আবু হাসান, শাহজাহান আলী, প্রিন্সিপাল ইসরারুল হক, মিজানুর রহমান, পলাশ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস ও সুখদেব বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এসব দাবিতে আগামী ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, ২৪ সেপ্টেম্বর এলজিইডি দফতরে স্মারকলিপি প্রদান এবং অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে যশোর-ঢাকা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
Leave a Reply