নিজস্ব প্রতিবেদক :
যশোরের মনিরামপুর উপজেলার হাকোবা গ্রামের ভ্যানচালক মিন্টু হোসেন হত্যার প্রধান আসামি বড় সাব্বিরসহ খুনের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও অব্যাহত হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে নিহতের পরিবার। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত মিন্টুর শ্যালক সুমন রহমান বলেন, মিন্টু হত্যার প্রধান আসামি বড় সাব্বির বিএনপি নেতা তুহিন হাসানের অনুসারী। মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। তুহিন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের ছোট ভাই। তিনি তার বাহিনী দিয়ে মামলার বাদি মিন্টুর বৃদ্ধা মা আমেনা বেগমসহ পরিবারের সদস্যদের মামলা প্রত্যাহারের জন্য নিয়মিত হুমকি দিচ্ছেন। এমনকি সম্প্রতি গভীর রাতে তুহিনের অনুসারীরা মিন্টুর বোনের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
নিহতের স্ত্রী জেসমিন জানান, স্বামী হত্যার পর থেকে তিনি দুই শিশু সন্তানসহ পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে আছেন। তুহিনের লোকজন গভীর রাতে তাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে এবং মামলা প্রত্যাহার না করলে বড় ধরনের ক্ষতির হুমকি দিচ্ছে।
নিহতের মা আমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে হত্যার বিচার চাই। আমি বাদি হয়ে মামলা করায় আমাকেও হুমকি দেওয়া হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
নিহতের ভাই সেন্টু হোসেন বলেন, “সন্ত্রাসী সাব্বির আমাকে কুপিয়ে জখম করেছে। আমি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছিলাম। এখনো নিরাপদ নই। মামলা প্রত্যাহার না করলে আবারও বড় ধরণের হামলার আশঙ্কা রয়েছে।”
উল্লেখ্য, গেল ২৮ আগস্ট চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী বড় সাব্বিরের নেতৃত্বে মিন্টু হোসেন ও তার পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মিন্টু হোসেনের মৃত্যু হয়।
Leave a Reply