অনলাইন ডেক্স :
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, ইসরায়েলের নৃশংসতার জন্য জবাবদিহি নিশ্চিত করা এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ সিদকি আল-হাব্বাশের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরেন।
ফিলিস্তিনের প্রধান বিচারপতি বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের প্রতি স্থায়ী সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মুসলিম উম্মাহর মধ্যে বৃহত্তর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে ড. মাহমুদ সিদকি আল-হাব্বাশ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন।
Leave a Reply