চৌগাছা সংবাদদাতা :
যশোরের চৌগাছায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমিন জাহান (অ.দা.)। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
সভায় রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক নেতৃবৃন্দসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল ইসলাম, সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হামিদপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, সিংহঝুলী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃষিবিদ আবু জাফর উবাইদুল্লাহ, ইউপি চেয়ারম্যান পাতিবিলা আতাউর রহমান লাল, আনসার ভিডিপি কর্মকর্তা ইসরাফিল এবং প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
সভায় ইউএনও তাসমিন জাহান বলেন, “চৌগাছার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো থাকলেও সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। দুর্গাপূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর থাকবে, তবে স্থানীয়দের সহযোগিতাও অপরিহার্য।”
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদি হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন এবং বৈষম্য বিরোধী ছাত্রনেতা রাশিদুল ইসলাম রিতমসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন প্রশাসনের কর্মকর্তারা।
Leave a Reply