মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

ঝিকরগাছায় প্রসূতির মৃত্যুর ঘটনায় ফেমাস ক্লিনিক সিলগালা, মালিক ও ডাক্তার পলাতক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮.২২ অপরাহ্ণ
  • ১৯৬ বার

ঝিকরগাছা সংবাদদাতা :

যশোরের ঝিকরগাছায় প্রসূতির মৃত্যুর ঘটনায় প্রশাসন কর্তৃক ফেমাস মেডিকেল ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ারের নেতৃত্বে রাজাপটিতে অবস্থিত ক্লিনিকটিতে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ক্লিনিকের প্রধান ফটক বন্ধ থাকায় প্রশাসনের পক্ষ থেকে নতুন করে তালা মারা হয় এবং ভবনটি মালিকের জিম্মায় রাখা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, থানার এসআই কামাল হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের ইয়ানুর রহমানের মেয়ে সোহানা খাতুন (১৯) ফেমাস ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় মারা যান।

অভিযোগ রয়েছে, সালেহা ক্লিনিকের স্বঘোষিত হাতুড়ে ডাক্তার শরীফ উদ্দীন এই সিজারিয়ান অপারেশনটি করেন। অপারেশনের সময় সোহানা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানিয়েছেন, প্রসূতির মৃত্যুর ঘটনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এখন পর্যন্ত মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

এদিকে, ঘটনার মূল হোতা স্বঘোষিত ডাক্তার শরীফ উদ্দীনের সালেহা ক্লিনিকের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল শরীফ উদ্দীনের ক্লিনিক সিলগালা, লাইসেন্স বাতিল এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com