বিনোদন ডেক্স :
দুই দিন আগে নাগ অশ্বিন পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কাল্কি ২৮৯৮ এডি’ থেকে বাদ পড়েন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেই বিতর্কের মধ্যেই তিনি সামাজিক মাধ্যমে একটি চমকপ্রদ ছবি শেয়ার করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে, দীপিকা শাহরুখ খানের হাত শক্ত করে ধরে রয়েছেন। ছবিটি অনুরাগীদের মনে করিয়ে দিয়েছে ১৮ বছর আগের সেই মুহূর্ত, যখন ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে তিনি কিং খানের হাত ধরে বলিউডে অভিষেক করেছিলেন।
ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, “প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ তৈরির সময় ওর কাছ থেকে প্রথম যে শিক্ষা পেয়েছিলাম, তা হলো একটা ছবি তৈরির অভিজ্ঞতা, এবং যাদের সঙ্গে সেই ছবি তৈরি হচ্ছে, তা সব সময় সাফল্যের থেকে অনেক বেশি।” তিনি আরও যোগ করেছেন, “এই শিক্ষার সঙ্গে আমি সহমত এবং এই কথাই প্রত্যেক সিদ্ধান্ত নেওয়ার সময় মাথায় রাখি। সেই কারণেই কি আমরা একসঙ্গে ষষ্ঠ ছবি নিয়ে ফিরছি?”
পোস্টের হ্যাশট্যাগে ছিল ‘কিং’ এবং ‘ডে ওয়ান’, যা অনুরাগীদের কাছে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে দীপিকা এবং শাহরুখ এবার নতুন ছবি ‘কিং’-এ একসঙ্গে কাজ করছেন।
এদিকে দীপিকার স্বামী রণবীর সিংও পোস্টে মন্তব্য করেছেন। অনুরাগীরা জল্পনা করছেন, দীপিকার এই পোস্ট হয়তো ‘কাল্কি ২৮৯৮ এডি’ নির্মাতাদের দিকেই সূক্ষ্ম বার্তা হিসেবে এসেছে। ‘কাল্কি’ থেকে বাদ পড়ার পর এই পদক্ষেপ নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
Leave a Reply