অনলাইন ডেক্স :
এক বছরের বেশি সময় ধরে শেভ না করা সেনা সদস্যদের মার্কিন বাহিনীতে আর প্রয়োজন নেই এবং তাদের পরিষেবা থেকে অব্যাহতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গত ২০ আগস্টের এক স্মারকলিপিতে দেওয়া এ নির্দেশনা সোমবার প্রকাশিত হয়েছে।
হেগসেথ তার স্মারকলিপিতে লিখেছেন, “বীরত্বের নৈতিকতা যে পরিচ্ছন্নতার মানদণ্ডের ওপর প্রতিষ্ঠিত, বিভাগকে তা বজায় রাখতে সজাগ থাকতে হবে।”
নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, সেনাদের শেভিং থেকে অব্যাহতি দেওয়ার নীতি বহাল থাকলেও এখন থেকে তার সঙ্গে চিকিৎসা পরিকল্পনা থাকা বাধ্যতামূলক। যেসব সেনা সদস্য এক বছরের পরও চিকিৎসার প্রয়োজন দেখাবে, তাদের পরিষেবা থেকে বিচ্ছিন্ন করা হবে।
এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সব সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য হবে। সাম্প্রতিক বছরগুলোতে সেনাদের সাজসজ্জার নিয়ম শিথিল করা হলেও এবার নতুন করে কঠোর বিধি-নিষেধ জারি করা হলো।
বেশির ভাগ ক্ষেত্রে উডোফলিকুলাইটিস বার্বি নামের এক ধরনের ত্বকের সমস্যায় আক্রান্ত সেনাদের শেভিং ছাড় দেওয়া হয়। এই রোগে আক্রান্ত হলে শেভ করার পর চুল ত্বকের ভেতরে ঢুকে ত্বকে জ্বালা সৃষ্টি করে। এটি কৃষ্ণাঙ্গ পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে বেশি দেখা যায়। তবে সেনাদের চিকিৎসার খরচ কে বহন করবে, তা স্মারকলিপিতে স্পষ্ট করা হয়নি।
এ ছাড়া, গোঁফ রাখার অনুমতি থাকবে কি না বা আলাস্কার মতো শীতপ্রধান এলাকায় অবস্থানরত সেনাদের জন্য এই নীতি প্রযোজ্য হবে কি না—তা নিয়েও কোনো সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি।
সাম্প্রতিক সময়ে মার্কিন সেনাবাহিনী সাজসজ্জার মানদণ্ডে বেশ কিছু পরিবর্তন এনেছে। নারীদের নখ, চুলের ধরন, কানের দুল ও মেকআপ নিয়ে নতুন নিয়ম চালু হয়েছে। জানুয়ারিতে বিমানবাহিনী নখে ব্যবহৃত নেল পলিশের রঙ ৬০টির পরিবর্তে মাত্র ৩টি অনুমোদন করেছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
Leave a Reply