কেশবপুর সংবাদদাতা :
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
এ সময় কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, “দীর্ঘ এক যুগ পর কেশবপুরের মাটি ও মানুষের সেবা করার জন্য এসেছি। কেশবপুরের মাটি ও মানুষের সাথে মিশে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করি। কেশবপুরের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি।”
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সহসভাপতি মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল আলম বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার বিকেল ৫টার দিকে দীর্ঘ এক যুগ পর নিজ জন্মভূমি কেশবপুরে ফেরেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তার বাড়ি উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামে। রাজনৈতিক কারণে তিনি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করছিলেন এবং দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এ সময় বহুবার হামলা ও মামলার শিকারও হয়েছেন তিনি। কেশবপুরে ফেরার সময় শত শত মোটরসাইকেল ও যানবাহনের শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান।
উল্লেখ্য, ২০২২ সালের ১৭ এপ্রিল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি করা হয়। পরে ২০২৩ সালের ১১ অক্টোবর তাকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
Leave a Reply