চট্টগ্রাম সংবাদদাতা :
বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, “সামনের জাতীয় নির্বাচনকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত সরকার এবং যারা নির্বাচন চায় না তারা দুর্গাপূজাকে নিয়ে ষড়যন্ত্র করছে। ফলে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না।”
সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের জিয়া জাদুঘর মিলনায়তনে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অংশ নেন মহানগর পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন মন্দিরের প্রতিনিধি এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
শামীম বলেন, “বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী বিএনপি সব ধর্মের মানুষের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। উৎসবমুখর পরিবেশে এবং নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সনাতনীদের পাশে থাকবে। সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি।”
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতনীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসব সব সনাতনীর মিলনমেলায় পরিণত হয়। ঐতিহাসিকভাবে এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে এবং এবছরও এর ব্যতিক্রম হবে না।
শামীম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, জেলা ও মহানগর পর্যায়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। তারা স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে পূজা নির্বিঘ্নে উদযাপনে কাজ করবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ। সভার সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা।
Leave a Reply