অনলাইন ডেক্স :
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে রাজনৈতিক বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করেছে তার দল জামায়াতে ইসলামী। নিজেই গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
আমির হামজা জানান, সংগঠনের দুইজন কেন্দ্রীয় দায়িত্বশীল ব্যক্তি তাকে স্পষ্ট করে বলেছেন, রাজনৈতিক বা বিতর্কিত কোনো ইস্যুতে যেন তিনি বক্তব্য না দেন। মাহফিলে কেবল কোরআনের তাফসির নিয়েই যেন আলোচনা করেন, সেই পরামর্শ দিয়েছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলকে ঘিরে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “মুহসিন হলের নাম বলতে গিয়ে মুখ ফসকে সলিমুল্লাহ মুসলিম হলের পরিবর্তে মুহসিন হলের নাম বলেছি। এর জন্য আমি দুঃখিত। ভবিষ্যতে এমন মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকব।”
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল নিয়ে দেওয়া মন্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, “আমি তো ওই হলে ছিলাম, ক্যাম্পাসের বাস্তবতা জানি। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে তুলনামূলক বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকব।”
ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে আমির হামজা জানান, “মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে আমি এ কথা বলেছিলাম। কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য আর করব না।”
তিনি আরও জানান, আওয়ামী লীগের আমলে জেলখানায় নির্যাতনের শিকার হওয়ার পর থেকে তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন। এ কারণেই অনেক সময় কথা বলতে গিয়ে ভুল হয়ে যায় বলেও দাবি করেন তিনি।
Leave a Reply