অনলাইন ডেক্স :
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি বলেছেন, “আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ফল আজকের মাইর।” সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ইলিয়াস হোসেন লেখেন, “আওয়ামী লীগকে আজকের পারফর্মেন্সের জন্য ধন্যবাদ। চোরেরা যেখানে সেখানেই এভাবে লাথি খাবে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করার ফল আজকে নিউইয়র্কের বিমানবন্দরের মাইর।”
এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত একটার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রধান উপদেষ্টা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত বিএনপি নেতাকর্মী এবং আওয়ামী লীগপন্থী গ্রুপের মধ্যে দুপুর থেকেই উত্তেজনা বিরাজ করছিল। উভয় পক্ষই ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে মুখোমুখি অবস্থান নেয়।
বিকেল পৌনে চারটার দিকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা বিমানবন্দর ত্যাগের সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা আখতার হোসেন ও ডা. তাসনিম জারাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং আখতার হোসেনকে উদ্দেশ্য করে একাধিকবার ডিম নিক্ষেপ করেন। এ ঘটনায় পরবর্তীতে ব্যাপক সমালোচনা শুরু হয়।
Leave a Reply