আর্ন্তজাতিক ডেক্স :
ইরানে আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি সই করতে মস্কো সফরে গেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।
দীর্ঘ এক দশক আগে, ২০১৪ সালে এই প্রকল্পের পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল। তবে নানা জটিলতার কারণে এতদিন তা চুক্তির পর্যায়ে আটকে ছিল। এবার বাস্তবায়নের দিকে অগ্রসর হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামি।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইসলামি বলেন, “চুক্তি নিয়ে আলোচনা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এই সপ্তাহেই তা স্বাক্ষরিত হবে এবং আমরা দ্রুত প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে যাব।”
নতুন প্রকল্পের আওতায় আটটি পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ২০৪০ সালের মধ্যে ইরান ২০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, আটটির মধ্যে চারটি চুল্লি নির্মিত হবে দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে। এখানেই রাশিয়ার সহায়তায় ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হয়েছিল। ২০১১ সালে শুরু হওয়া সেই প্রকল্প ২০১৩ সালে শেষ হয়, যদিও তখন যুক্তরাষ্ট্র প্রকল্পটির তীব্র বিরোধিতা করেছিল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে অভিযুক্ত করে আসছে। তবে তেহরান বারবার জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক চাহিদা পূরণের উদ্দেশ্যেই পরিচালিত।
রাশিয়ার পক্ষ থেকেও স্পষ্ট করা হয়েছে যে, তারা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির বিরোধিতা করে, তবে বেসামরিক কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকারকে সমর্থন জানায়।
Leave a Reply