অনলাইন ডেক্স :
নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের লাঞ্ছনার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে সরকার শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার শিকার হয়েছেন। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরাই এ হামলা চালিয়েছে বলে দাবি করে অন্তর্বর্তী সরকার।
সরকার বলেছে, এই ঘটনা হাসিনার শাসনামলে বিকশিত সহিংস রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। তবে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে এ ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতাদের সফরকালে নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে প্রতিনিধিদলকে ভিভিআইপি গেট দিয়ে বিশেষ পরিবহন ব্যবস্থায় তোলার কথা থাকলেও শেষ মুহূর্তের ভিসা জটিলতার কারণে বিকল্প পথে যেতে হয়। সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও বিমানবন্দর কর্তৃপক্ষ ভিভিআইপি সুবিধা দিতে অস্বীকৃতি জানানোয় সফরসঙ্গীরা ঝুঁকির মুখে পড়েন।
ঘটনার পর নিউইয়র্কস্থ বাংলাদেশ মিশন দ্রুত পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে এবং ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সফরসঙ্গীদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার স্পষ্ট জানিয়েছে, রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি কোথাও সহ্য করা হবে না। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশ-বিদেশে আইনগত ও কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে কঠোর জবাব দেওয়া হবে।
Leave a Reply