জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এনসিপির নির্বাচনী প্রতীক শাপলাই হতে হবে, অন্য কোনো বিকল্প নেই। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন যে, কমিশন ইচ্ছাকৃতভাবে এনসিপিকে শাপলা প্রতীক থেকে বঞ্চিত করছে।
সারজিস আলম লিখেছেন, “ইলেকশন কমিশনের সচিব নিজেই জানিয়েছেন, প্রতীক তালিকায় শাপলা নেই বলেই এনসিপিকে তা দেওয়া যাচ্ছে না। অর্থাৎ এটা কোনো আইনগত বাধা নয়। শুধু মাত্র প্রতীকের তালিকায় না থাকার অজুহাতে আমাদের প্রতীক দেওয়া হচ্ছে না।”
তিনি আরও দাবি করেন, এনসিপি যখন প্রথম নিবন্ধনের জন্য আবেদন করেছিল, তখনই শাপলা প্রতীক দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল সেটি তালিকায় অন্তর্ভুক্ত করা।
প্রশ্ন তুলে সারজিস আলম বলেন, “তাহলে কি নির্বাচন কমিশনে বসে শুধু নাটকই দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ না করে অন্য কোনো দল বা সংস্থার ইশারায় চলছে?”
সবচেয়ে কঠোর হুঁশিয়ারিতে তিনি বলেন, “যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই শাপলাই হতে হবে আমাদের মার্কা। নাহলে নির্বাচন কীভাবে হবে আর কারা ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে—তা আমরাও দেখে নেব।”
তিনি আরও যোগ করেন, সকল ধরনের ‘ভণ্ডামি’ রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
Leave a Reply