যশোর সংবাদদাতা :
যশোরে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের হাজারো শ্রমিক ব্যাটারি চালিত অটোরিক্সা ও ইজিবাইক বন্ধে পরিচালিত অভিযান অবিলম্বে স্থগিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী শান্তিপূর্ণ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “জীবিকার পথ বন্ধ করে দেওয়া হলে হাজারো শ্রমিক পরিবার না খেয়ে মরতে বসবে। তাই অবিলম্বে অটোরিক্সা ও ইজিবাইকের উপর পরিচালিত অভিযান বন্ধ করা হোক।”
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “পৌর প্রশাসক কর্তৃক পরিচালিত অভিযান প্রত্যাহার না করা হলে শিগগিরই জেলার সব শ্রমিক ধর্মঘট কর্মসূচি ঘোষণা করবে।”
যশোর জেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিনের নেতৃত্বে এবং ইউনিয়নের আহ্বায়ক খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ৮/৯শত শ্রমিক অংশ নেন। বিক্ষোভ সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে সংহতি জানান যশোর শ্রমিক দলের সভাপতি আবু জাফর, যুবশক্তি (এনসিপি)-এর আহ্বায়ক ইমদাদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সেক্রেটারি রুহুল আমিন প্রমুখ।
Leave a Reply