ক্রীড়া ডেক্স :
মেজর লিগ সকারে (এমএলএস) আবারও দুর্দান্ত এক রাত কাটালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নিউইয়র্কের কুইন্সের সিটি ফিল্ডে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে দুইটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে মূল ভূমিকা রাখেন মেসি।
ম্যাচের শুরুতে নিউইয়র্ক সিটি এফসি সমানতালে লড়লেও ৩১তম মিনিটে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন বালতাসার রদ্রিগেজ। দুর্দান্ত এক থ্রু পাস থেকে গোলের সুযোগটি তৈরি করে দেন মেসি। তবে তার জাদুর আসল রূপ দেখা যায় দ্বিতীয়ার্ধে।
৭৪তম মিনিটে নিউইয়র্কের গোলরক্ষক ম্যাট ফ্রিজকে চিপ করে চমৎকার এক গোল করেন মেসি। এরপর ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লুইস সুয়ারেজ। ম্যাচের ৮৬তম মিনিটে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে মেসি জয় নিশ্চিত করেন।
যদিও স্কোরলাইন একতরফা মনে হয়, ম্যাচের বড় অংশজুড়ে নিউইয়র্ক সিটি এফসি প্রতিদ্বন্দ্বিতা করেছে। কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। অন্যদিকে, মেসি ও সুয়ারেজের ফিরে আসা ইন্টার মায়ামির আক্রমণভাগে নতুন প্রাণ সঞ্চার করেছে।
মৌসুমে এখনো পাঁচটি ম্যাচ বাকি। ধারাবাহিক এই পারফরম্যান্সে এমভিপি দৌড়ে মেসিকে এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকরা। জয়ের পর আবারও প্রমাণ হলো—মেসি ফর্মে থাকলে এমএলএসে ইন্টার মায়ামির প্রতিদ্বন্দ্বী খুব বেশি নেই।
Leave a Reply