কল্যান রায় (জয়ন্ত) :
বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন উপলক্ষে যশোরে “আমরা নারী” ও “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট” এর আয়োজনে এবং ইয়াভ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে যশোর সদরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। র্যালি শেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান। বক্তারা নারীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সদর হাসপাতালের ক্যান্সার সার্জন ডাঃ বনি আমিন, ইয়াভ ফাউন্ডেশনের উপদেষ্টা নাসিম উদ্দিন খান এবং ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব। সমন্বয় ও সঞ্চালনায় ছিলেন ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায়।
অনুষ্ঠান শেষে ইয়াভ কালচারাল ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ইয়াভ স্কোয়াডের তরুণ-তরুণীরা অংশ নেন। আয়োজকরা জানান, মিডিয়ার সহযোগিতায় এই সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করে নারীর স্বাস্থ্যসুরক্ষায় জাতীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলতে চান তারা।
Leave a Reply