বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি ইসলামী আন্দোলনের

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৩১ অপরাহ্ণ
  • ৬৬ বার

যশোর সংবাদদাতা:

সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবিতে যশোরে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আলী সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ শোয়াইব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শোয়াইব হোসেন বলেন, “পি.আর পদ্ধতিতে নির্বাচন হলে পেশীশক্তি, কালো টাকা, ভোটকেন্দ্র দখল, ভোট ডাকাতি ও সহিংসতার রাজনীতি বন্ধ হবে। আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হলে সংসদই হবে জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। ফলে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা, বিভক্তি ও সহিংসতার অবসান ঘটবে এবং দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা পাবে।”

তিনি আরও বলেন, “বিশ্বের ৯১টির বেশি দেশে পি.আর পদ্ধতির সুফল মিলছে। বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেনসহ অনেক দেশ শতভাগ পি.আর পদ্ধতিতে নির্বাচন করছে। বাংলাদেশেও এ পদ্ধতি চালু হলে স্বৈরশাসনের অবসান ঘটবে এবং দেশ এগিয়ে যাবে স্থিতিশীলতার পথে।”

জেলা সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণ গণতন্ত্রের নতুন ভিত্তি তৈরি করেছে। এখন সেই সনদের আইনি স্বীকৃতি দিয়ে পি.আর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।”

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ইসলামী আইনজীবী পরিষদ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন এবং জাতীয় শিক্ষক ফোরামের নেতারাও বক্তব্য রাখেন। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পি.আর পদ্ধতিতে আয়োজনের জোর দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com