টানা তিন ম্যাচে পাঁচ গোল করা লিওনেল মেসির দুর্দান্ত গোলের ধারা অবশেষে থামল। রবিবার মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসির মাঠে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন মহাতারকা একাধিক সুযোগ পেলেও টরন্টোর গোলরক্ষক শন জনসনের অসাধারণ সেভের কারণে গোলশূন্য থাকতে হলো তাকে।
৩৮ বছর বয়সী মেসি শুরু থেকেই চেনা ছন্দে খেললেও ম্যাচের প্রথমার্ধ ও শেষ মুহূর্তে তার দুটি নিশ্চিত শট দারুণভাবে রুখে দেন শন জনসন। শেষ পর্যন্ত এই গোলরক্ষকের নৈপুণ্যই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
প্রথমার্ধের ইনজুরি টাইমে মেসির পুরনো সতীর্থ জর্দি আলবার নিখুঁত ক্রসে হেড করে গোল করেন তাদেও আলেন্দে। ১-০ গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি।
তবে দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে রক্ষণভাগের বড়সড় ভুলে সমতায় ফেরে টরন্টো। গোল করেন জর্জি মিহাইলোভিচ।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, “আমরা জয়ের যোগ্য ছিলাম। আমাদের সবচেয়ে বেশি সুযোগ ছিল। তবে টরন্টোর গোলরক্ষকই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন।”
ড্রয়ের পরও ২৪ ম্যাচে ২৩ গোল নিয়ে এমএলএস গোলদাতার তালিকায় এখনো শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির সংগ্রহ এখন ৫৬ পয়েন্ট। পূর্বাঞ্চলীয় কনফারেন্সে তারা চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা সাত পয়েন্টে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে দুটি ম্যাচ।
Leave a Reply