অনলাইন ডেক্স :
ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে নিজেদের স্বার্থসিদ্ধি করছে এবং অধিক মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নুরজাহান বেগম বলেন, “উচ্চ রক্তচাপ শুধু সরকারের বা ডাক্তারদের বিষয় নয়, এটি আমাদের সবার বিষয়। হাইপারটেনশন কেন হয়, সেটা বুঝে প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা প্রতিরোধের পথে যাচ্ছি না।”
তিনি আরও বলেন, “তামাক আমাদের ধ্বংস করে দিতে পারে। ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে নিজেদের উদ্দেশ্য হাসিল করছে এবং অধিকতর মুনাফা করছে। চিকিৎসার যে ৭১ শতাংশ ব্যয় পকেট থেকে খরচ হয়, তার বেশিরভাগই ডায়াবেটিস, হাইপারটেনশন ও ক্যানসারের মতো অসংক্রামক রোগের জন্য।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উপদেষ্টা আরও জানান, সরকার সবার কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে। তবে জনগণেরও সচেতন হওয়ার দায়িত্ব রয়েছে। “আমি, আপনি সবাই মিলে সচেতন না হলে, এই রোগগুলো নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে। গণমাধ্যম কর্মীদেরও দায়িত্ব আছে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার,” বলেন তিনি।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক এবং সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার।
Leave a Reply