আর্ন্তজাতিক ডেক্স :
পাঁচ বছর বন্ধ থাকার পর আবারও সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ভারত ও চীন। করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়া এই ফ্লাইটগুলো সীমান্ত উত্তেজনার কারণে দীর্ঘদিন চালু হয়নি।
ভারতের কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, দুই দেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ায় নির্দিষ্ট শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরের শেষ দিক থেকেই কয়েকটি শহরের মধ্যে ফ্লাইট চলাচল শুরু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাণিজ্যিক এয়ারলাইনসগুলো।
এদিকে ভারতের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো ঘোষণা করেছে, আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা ও চীনের গুয়াংজুর মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে।
সম্প্রতি সাত বছর পর প্রথমবারের মতো আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে চীন সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্লেষকরা বলছেন, এটি দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক করার অংশ।
উল্লেখযোগ্য, ২০২০ সালে হিমালয়ের বিতর্কিত সীমান্ত এলাকায় সেনা সংঘর্ষে ২০ জন ভারতীয় ও ৪ জন চীনা সেনা নিহত হন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এ সংঘর্ষের পর দুই দেশের রাজনৈতিক যোগাযোগ স্থবির হয়ে পড়ে।
Leave a Reply