ক্রীড়া ডেক্স :
আর্জেন্টিনা জাতীয় দলের তারকা লিওনেল মেসি চলতি বছরের ডিসেম্বর মাসে ভারতের ব্যক্তিগত সফরে যাচ্ছেন। নভেম্বরে কেরালায় আর্জেন্টিনা দলের প্রীতি ম্যাচের সম্ভাবনা থাকলেও মেসির অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি।
মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, “আমি ভীষণ আনন্দিত যে এই ডিসেম্বর ভারতে যাচ্ছি। কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডল কাপ এবং দাতব্যকর্মে অংশ নেওয়া দারুণ এক অভিজ্ঞতা হবে।” ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে কলকাতা, মুম্বাই এবং নয়াদিল্লির স্টেডিয়ামে। টিকিট পাওয়া যাবে শুধুমাত্র ডিসট্রিক্ট অ্যাপে।
ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তকে ধন্যবাদ জানিয়ে মেসি লিখেছেন, ভারতের গুরুত্বপূর্ণ মানুষ ও সেরা তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ তার জন্য বিশেষ সম্মানের। তিনি ১৪ বছর পর ভারতে আসার সুযোগ দেওয়ার জন্য দ্য শতদ্রু দত্ত ইনিশিয়েটিভকেও ধন্যবাদ জানিয়েছেন।
মেসির ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ সফর শুরু হবে কলকাতা থেকে। সূচি অনুযায়ী: ১৩ ডিসেম্বর: কলকাতা, সল্ট লেক স্টেডিয়াম, ১৪ ডিসেম্বর: মুম্বাই, ওয়াংখেড়ে স্টেডিয়াম, ১৫ ডিসেম্বর: দিল্লি, অরুণ জেটলি স্টেডিয়াম।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সফরের সময় আহমেদাবাদেও দেখা যেতে পারে মেসিকে, যেখানে তার একটি ভাস্কর্য উন্মোচনের পরিকল্পনা রয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ মুম্বাইয়ে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসিকে এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচে খেলতে দেখা যেতে পারে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে।
উল্লেখ্য, মেসি শেষবার ভারত সফর করেছিলেন ২০১১ সালে।
Leave a Reply