আর্ন্তজাতিক ডেক্স :
ভেনেজুয়েলার উপকূলের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান শনাক্ত হওয়ার পর দেশটি কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে জাতীয় নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি হিসেবে আখ্যা দিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে ‘সামরিক উসকানি’ চালানোর অভিযোগ করেছে।
প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো এক বিবৃতিতে জানান, ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলান উপকূল থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অন্তত পাঁচটি এফ-৩৫ বিমান শনাক্ত হয়েছে। তিনি ঘটনাটিকে “মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি প্রদর্শনী” বলে মন্তব্য করেন। তার ভাষায়, “আমরা তাদের নজরদারিতে রেখেছি। ভেনেজুয়েলাবাসীকে ভয় দেখানো যাবে না।”
পাদ্রিনো আরও বলেন, “যখন আমাদের জনগণ শান্তি, কর্মসংস্থান এবং উন্নয়নের স্বপ্ন দেখে, তখন যুক্তরাষ্ট্র সামরিক প্ররোচনার মাধ্যমে সেই স্বপ্নকে বিঘ্নিত করতে চায়।”
সরকারি সূত্র জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলোর উপস্থিতি শনাক্ত করা হয়েছে ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল সিস্টেম এবং একটি বেসরকারি এয়ারলাইনারের মাধ্যমে। যদিও বিমানগুলো সরাসরি ভেনেজুয়েলার আকাশসীমা (২২ কিলোমিটার) লঙ্ঘন করেনি, তবুও দেশটি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছে।
ভেনেজুয়েলার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের সামরিক উপস্থিতি শুধু আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি নয়, বরং বেসামরিক বিমান চলাচলের জন্যও বিপজ্জনক। ওয়াশিংটনের প্রতি সতর্কবার্তা দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “ক্যারিবীয় অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে এমন যুদ্ধবাজ এবং উসকানিমূলক আচরণ অবিলম্বে বন্ধ করতে হবে।”
Leave a Reply