ক্রীড়া ডেক্স :
শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। শুরুতে সহজ জয়ের আভাস পেলেও, হঠাৎ উইকেট পতনের ঝড়ে ম্যাচের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের ধৈর্যশীল ইনিংসে ভর করেই টাইগাররা জয়ের হাসি হাসে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে। নাসুম আহমেদ ও তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে আফগানরা। ইব্রাহিম জাদরান (১৫) ও সেদিকুল্লাহ আটাল (১০) দ্রুত আউট হলে দল হারায় গতি। তবে রহমানুল্লাহ গুরবাজ ৩১ বলে ৪০ রান, মোহাম্মদ নবী ২৫ বলে ৩৮ এবং শরাফতউল্লাহ আশরাফের (১২ বলে ১৭*) ছোট ঝড়ো ইনিংস আফগানদের সংগ্রহকে ১৫১-এ পৌঁছে দেয়। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও তানজিম সাকিব ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। তানজিদ হাসান ও পারভেজ হোসেনের ৭১ বলে ১০৯ রানের জুটি ম্যাচকে একপেশে করে দেয়। তানজিদ ৫১ এবং পারভেজ ৫৪ রান করেন। কিন্তু রাশিদ খানের ঘূর্ণি আঘাতে হঠাৎ করেই বিপদে পড়ে টাইগাররা। মাত্র ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কা দেখা দেয়।
ঠিক তখনই দৃঢ়চিত্তে ব্যাটিং করেন নুরুল হাসান সোহান। তার ১৩ বলে অপরাজিত ২৩ রান এবং রিশাদ হোসেনের ৯ বলে ১৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ১৮.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়। ৮ বল হাতে রেখে অর্জিত এই জয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পারভেজ হোসেন।
Leave a Reply