ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ এবং সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কার জনগণের জন্য জরুরি ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আবহাওয়া অনুকূল থাকলে আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ বিমানবাহিনীর দুটি বিশেষ বিমানে এসব সহায়তা পাঠানো হবে। সোমবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় বাংলাদেশ সরকার মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ত্রাণসামগ্রীর সঙ্গে একটি উদ্ধারকারী দলও পাঠানো হবে, যাতে বিপর্যস্ত মানুষের দ্রুত সহায়তা নিশ্চিত করা যায়।
মানবিক এই উদ্যোগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ এবং এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড একযোগে কাজ করছে।
শ্রীলঙ্কার দুর্যোগ পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। ৩৬৬ জন নিখোঁজ, ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের এই উদ্যোগ মূলত মানবিক সহায়তা, জীবনরক্ষা ও দুর্যোগ মোকাবিলায় সহায়তা প্রদানে গুরুত্ব দেওয়া হয়েছে। এটি প্রতিবেশী দেশের বিপর্যস্ত জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিরও পরিচায়ক।
Leave a Reply