শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন

জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা প্রশ্নে রুল

  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৯.০৫ অপরাহ্ণ
  • ৭০ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলেও দলগুলোকে নিজস্ব প্রতীকে ভোট করার যে বিধান রয়েছে, তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

একই সঙ্গে আদালত নির্বাচন কমিশনকে (ইসি) ১০ দিনের মধ্যে রুলের জবাব দাখিল করতে নির্দেশ দিয়েছেন। এর ফলে জোটভুক্ত দলগুলোর নিজস্ব প্রতীকে নির্বাচন করার বিষয়ে বৈধতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

এর আগে ২৭ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও স্ব স্ব প্রতীকে ভোট করার বিধান চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয়। ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন এই রিট করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর সরকার একটি সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) জারি করে। এতে বলা হয়, নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও তাদের নিজ নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। এই বিধান বাতিলের দাবিই রিটে করা হয়েছে। রিটকারী পক্ষের দাবি, এই বিধান জোট রাজনীতির চর্চাকে বাধাগ্রস্ত করবে এবং ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বিভ্রান্তি তৈরি করবে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। তবে বিএনপি সেই সময়ে লিখিতভাবে কমিশন এবং আইন মন্ত্রণালয়ের কাছে আপত্তি জানায়। জোটভুক্ত হতে আগ্রহী কিছু ছোট দলও সরকারের এই সিদ্ধান্তে অস্বস্তি প্রকাশ করেছিল। যদিও জামায়াতে ইসলামী এ বিষয়ে বিএনপির বিপরীত অবস্থানে যায়।

শেষ পর্যন্ত সরকার স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচন করার বিধান বহাল রেখে সংশোধিত অধ্যাদেশ জারি করে। এখন হাইকোর্টের রুল জারির ফলে বিষয়টি নিয়ে নতুন আইনি বিতর্কের সূচনা হলো।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com